নিজস্ব প্রতিবেদক, লামা (বান্দরবান):
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট ২০২৬ তারিখে ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ‘সাপের গাড়া জমিরিয়া মিফতাহুল কোরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা’ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা রোকনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণে চত্বর ও আশপাশের এলাকায় পরিবেশবান্ধব ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা গাছ ও আর্থিক সহায়তা প্রদান করেন ‘রোটারি ক্লাব অব ঢাকা মেগা’-র সম্মানিত প্রেসিডেন্ট জেড. এ. আবদুল্লাহ ইজাজ সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে গাছের গুরুত্ব এবং পরিবেশ সচেতনতা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং অপরাধমূলক বা খারাপ কাজ থেকে দূরে রেখে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।
কর্মসূচি শেষে আয়োজক ও স্থানীয় ব্যক্তিবর্গ সমাজসেবামূলক কাজের প্রশংসা করে রোটারি ক্লাব অব ঢাকার সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।