বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রমসহ সমাবর্তন ও আন্তর্জাতিক সম্মেলন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
চট্টগ্রামে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর ১৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। এছাড়া একাডেমিক কাউন্সিলের সদস্য ও ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. হারুনুর রশিদ, প্রফেসর ড. বজলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. দেওয়ান আসাদুল্লাহ, মো. আবু জাবেদ, ড. মো. আবু জাহিদ, ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল, তাহের হোসেন সেলিম ও মোহাম্মদ ইনজামুল হক। অনলাইনে সংযুক্ত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. কায়কোবাদ এবং অধ্যাপক প্রফেসর ড. এম আব্দুস সামাদ।
ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সূচনা বক্তব্য দেন এবং সভায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার আলোচ্যসূচি উপস্থাপন করেন।
সভায় ইউসিটিসির ১৫তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং ওই সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এছাড়া ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদনের জন্য সুপারিশ গ্রহণ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রম, সমাবর্তন অনুষ্ঠান, মানোন্নয়ন পরীক্ষা এবং আসন্ন TEHI আন্তর্জাতিক সম্মেলনসহ শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণার পরিধি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।