পার্কিং ছাড়াই স্থাপনা বানিয়ে ব্যবসা করার দায়ে ৮ লাখ টাকা জরিমানা গুনেছে চট্টগ্রামের ‘উৎসব সুপার মার্কেট’।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর হালিশহর এক্সেস রোডের উৎসব সুপারমার্কেটের আউটলেটটিকে জরিমানা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অভিযানে উৎসব সুপার শপের অনুমোদিত নকশা পর্যালোচনা করে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পাশাপাশি বাণিজ্যিক ভবনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
একইসঙ্গে আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশায় থাকা ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন জানান, উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। আমরা পরিদর্শন করে দেখেছি, বাণিজ্যিক ভবন হলেও সেখানে নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিংয়ের ব্যবস্থা নেই। তারা রাস্তার জায়গায় পার্কিং করছে বলে জানিয়েছে। এসব অনিয়মের কারণে তাদের ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নকশার ব্যত্যয় সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করবে বলে জানিয়েছে। তারা ব্যবস্থা না নিলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।






