মেঘনা পেট্রোলিয়ামে সিন্ডিকেটের পাহাড়সম দুর্নীতি: ১ম পর্ব
বিশেষ প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে (পিএলসি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এমআই) মো. রাশেদুল হকের বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ অভিযোগ। ভুয়া সনদে চাকরি বাগানো, দীর্ঘ ১৫ বছর ধরে একই পদে আসীন থেকে রাজনৈতিক প্রভাব বিস্তার, নিয়োগ-পদোন্নতি ও বদলি বাণিজ্য, ডিপো থেকে নিয়মিত চাঁদা আদায় এবং সরকারি তেল চুরির সিন্ডিকেট গড়ে তুলে তিনি শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ নভেম্বর মেঘনা পেট্রোলিয়ামে যোগ দেন মো. রাশেদুল হক। তৎকালীন সার্ভিস নীতিমালা অনুযায়ী সাধারণ শাখার সপ্তম গ্রেডের অফিসার পদের জন্য প্রথম বিভাগে মাস্টার্স ডিগ্রির পাশাপাশি ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন ছিল। কিন্তু কারিগরি শাখার দুই গ্রেড উপরের (পঞ্চম গ্রেড) বিএসসি পাস পদে ভুয়া সনদের মাধ্যমে ছাড়পত্র নিয়ে অনিয়ম করে তিনি নিয়োগ বাগিয়ে নেন। এরপর ২০২১ সালের ২৫ নভেম্বর পদোন্নতি নীতিমালার ১৪.১ ও ১৪.৩ ধারা লঙ্ঘন করে বিভাগীয় শূন্য পদ না থাকা সত্ত্বেও অনৈতিক লেনদেন ও তৎকালীন রাজনৈতিক প্রভাবে তাকে সরাসরি ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে ছাত্রলীগের প্রভাবশালী নেতা পরিচয়ে প্রতিষ্ঠানে নিজস্ব বলয় ও একচেটিয়া প্রভাব বিস্তার করেন তিনি। চট্টগ্রামের পতেঙ্গা প্রধান স্থাপনা (মেইন ইনস্টলেশন) থেকে শুরু করে বিভিন্ন ডিপো ও তেল সংরক্ষণ কেন্দ্রে উপমহাব্যবস্থাপক (পরিচালন) মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে যোগসাজশে তেল চুরি, অবৈধ তেল পাচার ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। অভিযোগকারীদের দাবি, এই অপকর্মের একটি অংশ তৎকালীন উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সিবিএ নেতাদের পকেটেও পৌঁছানো হতো।
এই অবৈধ আয়ে ভোলায় বিলাসবহুল বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ও বিপুল পরিমাণ জমি ক্রয়, দামি গাড়ি ব্যবহার এবং স্ত্রী-সন্তানদের নামে বিশাল অঙ্কের এফডিআর ও সঞ্চয়পত্র গড়ে তুলেছেন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার দুর্নীতির নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। মেঘনা পেট্রোলিয়ামের ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা এই অনিয়মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
২য় পর্বে যা থাকছে
-
ভোলার প্রাসাদসম বাড়ি ও নামে-বেনামে অঢেল সম্পত্তি: অবৈধ অর্থ কীভাবে স্থানান্তরিত হলো সঞ্চয়পত্র, গাড়ি ও স্থাবর সম্পদে?
-
পতেঙ্গা ডিপো ও মেইন ইনস্টলেশনের তেল চুরির গোপন রোডম্যাপ: কীভাবে প্রতিদিন কোটি কোটি টাকার জ্বালানি তেল পাচার হতো?
-
রাজনৈতিক শেল্টার ও সিবিএ কানেকশন: কার কার পকেটে যেত ডিপো থেকে তোলা মাসিক চাঁদার অংশ?
-
দুদকের সম্ভাব্য পদক্ষেপ ও কর্মচারীদের আলটিমেটাম: জাতীয় সম্পদ রক্ষায় কীভাবে শুরু হতে যাচ্ছে আইনি তদন্ত?