চট্টগ্রাম ব্যুরো :
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
গত শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ভোটগ্রহণ শেষে রাত প্রায় ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করে। এতে প্রেসিডেন্ট পদে ড. মোঃ আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক বিজয়ী হন।
চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। এছাড়া পরিচালক পদে চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন এ এস এম আব্দুল গাফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর।
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন—ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ এবং আশীষ রায় চৌধুরী।
নবনির্বাচিত নেতৃত্ব আবাসন খাতের সকল স্টেকহোল্ডার—ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সঙ্গে নিয়ে খাতটির টেকসই উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা মনে করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতিসহ বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব।
নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।