মো: নাজমুল সাঈদ সোহেল
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বুধবার (৩ জুন) ভোর প্রায় ৪টার দিকে পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব উদ্দিন মিন্টু পরিবারসহ ওই বাড়িতে বসবাস করলেও ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী পৌরসভার বাটাখালী এলাকায় নবনির্মিত বাসভবনে অবস্থান করছিলেন। তাঁর দুই ছেলে ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে প্রায় ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।
ডাকাতরা বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ, তাঁর সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে অস্ত্র ঠেকিয়ে আলমারি খুলতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে। পরে আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা নগদ এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু বলেন, “আমি ও আমার স্ত্রী বাটাখালীর বাসায় ছিলাম। আমার দুই ছেলেও বাড়িতে ছিল না। বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে ডাকাতরা হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।”
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, “খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছেন।