চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ ডিএপি সার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি মাছ ধরার নৌকা থেকে ২৩ জনকে আটক করা হয়। এছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পতেঙ্গা থানার বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে গেলেও কার্গোটি জব্দ করতে সক্ষম হন অভিযানে অংশ নেওয়া সদস্যরা।
তল্লাশি চালিয়ে কার্গো বোট থেকে ৪৫০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সারের পরিমাণ প্রায় ২২ হাজার ৫০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জব্দ করা আলামত পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান এবং অবৈধ পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।