নাগরিক নিউজ ডেস্ক :
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের উদ্যোগে বন্যাদুর্গত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গত রবিবার (১২ জুলাই ২০২৬) পটিয়া এরিয়ার দোহাজারী শাখার ২৯/ম কেন্দ্রের বন্যাকবলিত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের যোনাল ম্যানেজার জনাব মোঃ নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অডিট অফিসার জনাব মোঃ আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন পটিয়া এরিয়ার এরিয়া ম্যানেজার প্রকাশ দে, প্রোগ্রাম অফিসার, শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট শাখার সকল কর্মকর্তা-কর্মচারী।
প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম সরকার বলেন, “গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে আজ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হলো। প্রয়োজন অনুযায়ী এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি মোঃ আবু তাহের বলেন, “এলাকার অনেক সদস্য কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো গ্রামীণ ব্যাংকের নৈতিক দায়িত্ব। সদস্যদের যেকোনো প্রয়োজন ও দুর্যোগ মোকাবিলায় গ্রামীণ ব্যাংক সবসময় পাশে থাকবে।”
অনুষ্ঠান শেষে যোনাল ম্যানেজার বন্যাদুর্গত সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় সদস্যরা এই দুর্যোগে গ্রামীণ ব্যাংকের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।