গত শনিবার ৭ই জানুয়ারি ২০২৬ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “Engineering Beyond Diploma: Why Higher Education Matters” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব, একাডেমিক অগ্রগতি ও পেশাগত উন্নয়নের সম্ভাবনা তুলে ধরতেই এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু জাবেদ, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি চট্টগ্রাম এর অধ্যক্ষ মোঃ ফারুক ইসলাম, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি চট্টগ্রাম এর ডেপুটি ডিরেক্টর মোঃ শাহাদাত হোসেন, ইউসিটিসির সহকারী রেজিস্ট্রার জনাব এস. এম. শহীদুল আলম, ইউসিটিসি সকল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটরসহ সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতি সেমিনারটিকে আরও তাৎপর্যপূর্ণ ও সমৃদ্ধ করেছে, যা ইউসিটিসির জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। সেমিনারে বক্তারা ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ক্যারিয়ার গঠনের সুযোগ, গবেষণা ও আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ইউসিটিসির আধুনিক একাডেমিক পরিবেশ, ল্যাব সুবিধা ও শিক্ষা ব্যবস্থাপনা ব্যবস্থা সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করা হয়। ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাং বিশ্বাস করে—উচ্চশিক্ষা একজন প্রকৌশলীর জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের সেমিনার ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় কার্যকর দিকনির্দেশনা দেবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্পোরেট অফিসার মো. ইসমাইল বিন আজিজ।