ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আপাতত কোনো আইনি বাধা নেই বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত জানিয়েছেন, এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নিয়মিত আপিল দায়ের করতে পারবেন।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে পরবর্তী সংসদ অধিবেশনসহ সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আপাতত কোনো প্রতিবন্ধকতা থাকছে না।
এর আগে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। পাশাপাশি সরোয়ার আলমগীরকে সংসদের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখারও আবেদন জানানো হয়। শুনানি শেষে আপিল বিভাগ ওই আবেদন মঞ্জুর না করে নিয়মিত আপিলের সুযোগ রেখে আদেশ দেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত তার পক্ষে রায় দেন। চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।
এর পরপরই নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং একই দিন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থী আপিল বিভাগে আবেদন করলে বিষয়টি চেম্বার আদালত হয়ে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে। ধারাবাহিক শুনানি শেষে বুধবার আপিল বিভাগ বর্তমান আদেশ দেন।
শুনানিতে জামায়াত প্রার্থীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী অংশ নেন। অন্যদিকে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।