২৫ হাজার টাকা জরিমানা, জব্দ ৯০ বস্তা সরকারি সার
জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯০ বস্তা সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাউজান পৌরসভার মুন্সিরঘাট এলাকার কাশেম সওদাগরের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তার কার্যালয়, রাউজান থানা পুলিশ এবং জেলা এনএসআইয়ের প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।
অভিযানে অনুমোদন ছাড়া সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে মো. আরমান (২৫), পিতা- আবুল কাশেম, ফকিরহাট, রাউজান পৌরসভা এলাকার বাসিন্দাকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৮ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় দোকান থেকে ৫৯ বস্তা টিএসপি ও টিএসপি কমপ্লেক্স, ১০ বস্তা ডিএপি এবং ২১ বস্তা এমওপি সারসহ মোট ৯০ বস্তা সার জব্দ করা হয়। এছাড়া খোলা অবস্থায় থাকা ৪৮ কেজি ডিএপি ও ৩২ কেজি এমওপি সারও জব্দ করা হয়েছে।
জব্দকৃত সার বর্তমানে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা সার পরবর্তীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিষয়টি শনাক্ত করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা, কৃত্রিম সার সংকট এবং অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, চাষাবাদের মৌসুমে কিছু অসাধু ব্যক্তি সার মজুদ করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কৃষি বিভাগ নিয়মিত নজরদারি করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা এনএসআই, চট্টগ্রাম সূত্র জানায়, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। পরে এনএসআইয়ের প্রতিনিধিরা অভিযানে উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন।