পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ‘জার্নালিজম ফেস্ট ২০২৫’ জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর কাজীর দেউড়িস্থ অফিসার্স ক্লাবে বিভাগের ৩১তম ব্যাচের আয়োজন ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা।
ফেস্টে বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোঃ শহিদুল্ল্যাহ্, বিভাগের সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার শীল, তাসলিমা আক্তার ইরিন ওরিফাত জাওয়ার।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া ফেস্টের প্রথম পর্বে এক ঘণ্টার ‘সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও পরিকল্পনা’ শীর্ষক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মুহসিনুল হাকিম এবং স্টার নিউজের চট্টগ্রাম ব্যুরো চীফ এমদাদুল হক। তারা বলেন, সাংবাদিকতা বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও শিক্ষার্থীদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। এছাড়া প্রান্তিক পর্যায়ের সাংবাদিকতা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও দেন তারা।
দ্বিতীয় পর্বে বিকেল থেকে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগের শিক্ষার্থীদের নৃত্য, গান ও নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। নাচ–গান এবং আড্ডার উচ্ছ্বাসে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পান তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিময় দিনগুলো। প্রিয়জনদের সঙ্গে গল্প-স্মৃতিচারণার মুহূর্তগুলোতে ছিল আবেগঘন পরিবেশ।
বর্তমান শিক্ষার্থীরা জানান, সাংবাদিকতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা জানা এবং ভবিষ্যতের স্বপ্ন তৈরি করার অনুপ্রেরণা হিসেবে তারা প্রতিবছর এ ধরনের আয়োজনের অপেক্ষায় থাকে। পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এই আয়োজন প্রতিবছরই প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও যোগাযোগের বন্ধনকে আরও দৃঢ় করে।