চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। এবার বোর্ডে পাসের হার হয়েছে ৫৯.৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭২.৭০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন।
সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন এবং পাস করে ৭৭ হাজার ৪৫৩ জন। ছাত্রদের পাসের হার ৫৮.৭৬ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৬০.০৩ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ শতাংশ, যা গত বছর ছিল ৮১.০৩ শতাংশ। মহানগরের বাইরে চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭.১৩ শতাংশ, গত বছর যা ছিল ৭১.২৯ শতাংশ।
বোর্ডের অধীন অন্যান্য চার জেলাতেও পাসের হার কমেছে। কক্সবাজারে পাসের হার ৫৭.০৩ শতাংশ, রাঙামাটিতে ৪১.১৭ শতাংশ, বান্দরবানে ৪৭.৮৮ শতাংশ এবং খাগড়াছড়িতে ৩৪.৯৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৮৪.৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০.১২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৮.৭৯ শতাংশ।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও অবনতি দেখা গেছে। এবার ২১টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ৩৩টি। অন্যদিকে ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, যা গত বছর ছিল মাত্র একটি বিদ্যালয়।